মাগুরায় অভিযোগ বক্স থেকে ১৩ আবেদন সংগ্রহ, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
- Update Time : ০৬:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 53
ডেস্ক রিপোর্ট: মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত সাধারণ নাগরিকদের জন্য নির্ধারিত “অভিযোগ বক্স” থেকে ১৩টি অভিযোগপত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৪৫ মিনিটে মাগুরা-1 আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খানের পক্ষ থেকে তার প্রতিনিধি মাসুদ হাসান খান কিজিল অভিযোগ বক্সটি খুলে এসব আবেদন সংগ্রহ করেন। সংগৃহীত অভিযোগপত্রগুলো সংসদ সদস্যের নিকট পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি আমলে নেওয়ার লক্ষ্যে নিয়মিতভাবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে এমপি’র প্রতিনিধি মাসুদ হাসান খান কিজিল জানান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য এবং অভিযোগ বক্সে প্রাপ্ত প্রতিটি আবেদন গুরুত্বসহকারে যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, অনেক সময় সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারেন না, আর এই অভিযোগ বক্স সেই সুযোগ সৃষ্টি করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি মাসে অন্তত একবার এ অভিযোগ বক্স খোলা ও অভিযোগ সংগ্রহের কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।










