মাগুরায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- Update Time : ০৫:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 70
ডেস্ক রিপোর্ট: মহান মে দিবস উপলক্ষে মাগুরায় “জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস” পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন, মাগুরা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যশোর-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পরে শ্রমিকদের মাঝে মোট ৪ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় ১০ জন শ্রমিককে বিভিন্ন পরিমাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এছাড়াও বিভিন্ন শ্রমিক ইউনিয়ন পৃথকভাবে র্যালি বের করে দিবসটি উদযাপন করে।










