বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের হার, সমতায় শেষ হলো নিউজিল্যান্ড সিরিজ
- Update Time : ০৫:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 17
বৃষ্টির কারণে ওভার কমে আসা শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে নিউজিল্যান্ড। শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১৫ ওভারে নামিয়ে আনা হয়।
আগে ব্যাট করে বাংলাদেশ ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয়। জবাবে ৪ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে ২০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।
বাংলাদেশের ইনিংসে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। সাইফ হাসান ১৬, তানজিদ হাসান ৬ এবং পারভেজ হোসেন ইমন দ্রুত বিদায় নেন। অধিনায়ক লিটন দাস ২৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি।
তাওহীদ হৃদয় সর্বোচ্চ ৩৩ রান করেন। শেষ দিকে দ্রুত ধস নামলে নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জশ ক্লার্কসন ২ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন। ন্যাথান স্মিথ ও বেন সিয়ার্স নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। শরীফুল ইসলাম ও মেহেদী হাসানের দারুণ বোলিংয়ে ৩৩ রানের মধ্যেই ৪ উইকেট হারায় সফরকারীরা।
তবে এরপর বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন।
জ্যাকবস ৩১ বলে ৬২ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। মাত্র ২৯ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেন তিনি।
ফক্সক্রফট ১৫ রানে অপরাজিত ছিলেন। জ্যাকবসের ঝড়ো ব্যাটিংয়েই সিরিজ হার এড়াতে সক্ষম হয় নিউজিল্যান্ড।










