১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিল সরকার
- Update Time : ০৬:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 14
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিবিধ আলোচ্যসূচি হিসেবে প্রস্তাবটি উত্থাপন করে। জানা গেছে, মাজদা অয়েল কোং লিমিটেড থেকে এই ডিজেল আমদানি করা হবে।
এই আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।
পরিস্থিতির জরুরি অবস্থা বিবেচনায় দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সরাসরি আন্তর্জাতিক ক্রয় পদ্ধতিতে ডিজেল কেনার সুপারিশ করেছে কমিটি।
সরকারি সূত্র জানায়, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতায় জ্বালানি বাজারে বিঘ্ন তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে আগাম প্রস্তুতি হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের লক্ষ্য, বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা।










