৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দিল সরকার
- Update Time : ০৬:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 10
ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): দেশের ক্রমবর্ধমান কৃষি চাহিদা পূরণে ৩৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রডিন্টর্গ) থেকে এই সার সংগ্রহ করবে।
বর্তমান চুক্তির অধীনে এটি ১০ম লট, যার পরিমাণ ৩৫ হাজার মেট্রিক টন। প্রয়োজনে এতে ১০ শতাংশ পর্যন্ত কম-বেশি করার সুযোগ থাকবে।
কমিটি প্রতি মেট্রিক টন ৩৬৮.১৩ মার্কিন ডলার দরে এই ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। সে হিসাবে পুরো চালানের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা।
সরকারি সূত্র জানিয়েছে, কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং আসন্ন মৌসুমে সারের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










