তুরস্কে আবার বাড়ল মূল্যস্ফীতি, এপ্রিলে ৩২.৩৭ শতাংশ
- Update Time : ০৫:৩১:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 18
ঢাকা, ৪ মে ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): তুরস্কে বার্ষিক মূল্যস্ফীতি আবার বেড়ে এপ্রিল মাসে ৩২.৩৭ শতাংশে পৌঁছেছে, যা মার্চে ছিল ৩০.৯ শতাংশ।
সোমবার প্রকাশিত সরকারি তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
মাসিক হিসাবেও মূল্যস্ফীতির গতি বেড়েছে। মার্চে যেখানে ভোক্তা মূল্য বৃদ্ধি ছিল ১.৯ শতাংশ, সেখানে এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ৪.১৮ শতাংশে।
তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউট (টিইউআইকে) জানিয়েছে, মূলত আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খরচ বাড়ায় এই চাপ তৈরি হয়েছে।
তবে এই পরিসংখ্যান নিয়ে ভিন্ন মত দিয়েছে অর্থনীতিবিদদের সংগঠন ইনফ্লেশন রিসার্চ গ্রুপ (ইএনএজি)। তাদের হিসাবে, এপ্রিল মাসে প্রকৃত মূল্যস্ফীতি ৫৫.৩৮ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
ইএনএজি দীর্ঘদিন ধরেই তুরস্কের সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলে আসছে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে তুরস্ক দুই অঙ্কের মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। গত চার বছর ধরে দেশটির মুদ্রাস্ফীতি ৩০ শতাংশের ওপরে রয়েছে।
এর আগে ২০২৪ সালের মে মাসে মূল্যস্ফীতি সর্বোচ্চ প্রায় ৭৫ শতাংশে পৌঁছেছিল, এরপর ধীরে ধীরে কিছুটা কমতে শুরু করে।










