ওয়াশিংটনে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদল, নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত
- Update Time : ০৫:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 34
ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ২০২৬ সালের সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ সদস্যের একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: মার্কিন দূতাবাস, ঢাকা
ঢাকা, ৪ মে ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): দ্বিপাক্ষিক বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ অংশ নিয়েছে ২৫ সদস্যের একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
৩ থেকে ৬ মে পর্যন্ত চলা এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি, প্রযুক্তি, কৃষিব্যবসা, প্রকৌশল ও ব্যবসায়িক সেবা খাতের শীর্ষ ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন।
ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিকের আয়োজনে এই সম্মেলনকে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। এর মাধ্যমে বিদেশি কোম্পানির সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন সংস্থাগুলোর সংযোগ তৈরি হয়, যা নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে।
এবারের আয়োজনটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বৈদেশিক বিনিয়োগ কীভাবে দেশটির উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিচ্ছে, তা তুলে ধরা হচ্ছে।
বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে, এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।









