পাইকগাছায় ফায়ার স্টেশন স্থাপনের স্থান পরিদর্শন ও শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
- Update Time : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 14
খুলনার পাইকগাছা উপজেলায় জননিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রস্তাবিত ফায়ার স্টেশন স্থাপনের স্থান পরিদর্শন এবং শিকির বিল খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে টিটিসি সংলগ্ন প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণের নির্ধারিত স্থানটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে নতুন ২৯টি ফায়ার স্টেশন স্থাপনের সরকারি প্রকল্পের আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উপযুক্ত স্থান নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
কর্তৃপক্ষ জানান, প্রস্তাবিত ফায়ার স্টেশনটি বাস্তবায়িত হলে পাইকগাছা উপজেলার অগ্নিনির্বাপন ব্যবস্থা আরও শক্তিশালী হবে। পাশাপাশি অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে, যা জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়রা নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছিলেন।
অন্যদিকে, একই দিনে সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নে শিকির বিল খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সলিডারিডাদ-এর যৌথ ব্যবস্থাপনায় এ কার্যক্রমের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট দুইটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
উল্লেখ্য, উত্তরণ ও সলিডারিডাদ ইতিপূর্বে দেশের ১২টি উপজেলায় মোট ৫২টি খাল সফলভাবে খনন সম্পন্ন করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিকির বিল খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










