চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান: মাগুরায় ১০০০ মিটার জাল ধ্বংস
- Update Time : ১০:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 23
নদী-নালা, খাল-বিলের দেশীয় মাছ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর চায়না দুয়ারি জালের ব্যবহার রোধে মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) কুচিয়ামোড়া ইউনিয়নের আমুরিয়া গ্রামের বড়নালী খালে “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০” অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মাগুরা সদর এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে প্রায় ১০০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই ধরনের জাল পানির সকল প্রকার ছোট-বড় মাছ নির্বিচারে ধরে ফেলে, ফলে দেশীয় প্রজাতির মাছ দ্রুত বিলুপ্তির ঝুঁকিতে পড়ে।
মাগুরা উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার বলেন, অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই সবাইকে সচেতন হয়ে অবৈধ জালের ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয়দেরও এ বিষয়ে সচেতন হয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।










