মাগুরায় দুপক্ষের সংঘাত এড়াতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
- Update Time : ০৭:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 30
মাগুরায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সম্ভাব্য সংঘাত এড়াতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে ২০২৬) ভোরে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে দেশীয় রামদা, ঢাল, সড়কি, টেটা ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম আকবর (৬০) নিজ এলাকার ভাংগুড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত হন। এর এক বছর আগে তার ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তৎপরতা চালানো হচ্ছে। সর্বশেষ অভিযানের পর এলাকায় পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। গোলাম আকবরকে আহতের ঘটনায় দায়ের করা মামলায় দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক রহমান জানান, সম্প্রতি শেখ গোলাম আকবরকে নিজ এলাকায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করেছে। তিনি বলেন, বেরইল পলিতা ইউনিয়নে সাইফুল শিকদার ও আকবর শেখ গ্রুপের মধ্যে সামাজিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, অভিযানে উভয় পক্ষের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র—রামদা, ছ্যানদা, ঢাল, সড়কি, টেটা ইত্যাদি উদ্ধার করা হয়েছে।
মাগুরা সদর থানা পুলিশ ও স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।










