শ্রীপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 22
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (১২ মে) শ্রীপুর উপজেলার রাধানগর ও সাচিলাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তেল মিল, মুদিদোকান, মিষ্টির কারখানাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ক্ষতিকর রঙ ব্যবহার এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, পূর্বে সতর্ক করার পরও সাচিলাপুর বাজারের মেসার্স শশী মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে অননুমোদিত রঙ ব্যবহার এবং ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাধানগর বাজারের মেসার্স রাজ্জাক তেল মিল ও মেসার্স জালাল তেল মিলকে যথাযথ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে পৃথকভাবে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করেন ডিএসআই মো. ফয়েজুল কবীর, শ্রীপুরের স্যানিটারি ইন্সপেক্টর এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










