মাগুরায় স্পিড ব্রেকার পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন
- Update Time : ০৫:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 10
ডেস্ক রিপোর্ট:
মাগুরা শহরের পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রিজ ও সরকারি মডেল মসজিদের সামনে বিশ্বরোডের ফোর লেন অংশে
স্পিড ব্রেকার পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১৩ মে ২০২৬) সকাল থেকে এলাকাবাসী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, ইমাম-মুসল্লি এবং
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কয়েকদিন আগে সড়ক মেরামত কাজের সময় পূর্বে নির্মিত স্পিড
ব্রেকারগুলো অপসারণ করা হলেও কাজ শেষে সেগুলো পুনঃস্থাপন করা হয়নি। ফলে ফোর লেন সড়কে দ্রুতগতিতে
যানবাহন চলাচল করায় এলাকাটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বক্তারা বলেন, পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রিজ ও সরকারি মডেল মসজিদ এলাকা এখন মাগুরা শহরের অন্যতম
ব্যস্ত সংযোগস্থলে পরিণত হয়েছে। ফোর লেন সড়কের দুই পাশে একাধিক স্থানীয় সড়ক এসে মিলিত হওয়ায়
এখানে সার্বক্ষণিক যানবাহন ও মানুষের চলাচল থাকে। একদিকে রয়েছে শুভেচ্ছা স্কুল, পারনান্দুয়ালী হাই
স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। অন্যদিকে রয়েছে পৌর পার্ক, ডায়াবেটিস হাসপাতাল, বাজার,
বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস এবং গুরুত্বপূর্ণ জনসেবামূলক স্থাপনা। এছাড়াও নিকটেই মেডিকেল কলেজ
হাসপাতাল থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের যাতায়াত অব্যাহত থাকে।
স্থানীয়দের অভিযোগ, স্পিড ব্রেকার না থাকায় হাইওয়ে থেকে আসা যানবাহন গতি না কমিয়েই শহরের মধ্যে
প্রবেশ করছে। এতে শিক্ষার্থী, মুসল্লি, রোগী ও সাধারণ মানুষের রাস্তা পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে
পড়েছে। ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, সরকারি মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান নয়; এখানে ইসলামিক ফাউন্ডেশনের
উদ্যোগে নিয়মিত ধর্মীয় প্রশিক্ষণ, ইসলামিক অনুষ্ঠান ও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। ফলে সকাল
থেকে রাত পর্যন্ত এ এলাকায় মানুষের ব্যাপক সমাগম ঘটে। তাই বর্তমান বাস্তবতায় মডেল মসজিদের সামনে
পূর্বের একটি স্পিড ব্রেকার যথেষ্ট নয় বলে দাবি স্থানীয়দের। তারা মসজিদের আগে ও পরে পৃথকভাবে দুটি
সিঙ্গেল স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, অতীতে একাধিক দুর্ঘটনা ও জনদুর্ভোগের পর আন্দোলনের মুখে এসব
স্থানে স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সড়ক সংস্কার কাজের সময় সেগুলো অপসারণের
পর আর পুনঃস্থাপন করা হয়নি, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধন থেকে দ্রুত পারনান্দুয়ালী ৩ নম্বর ব্রিজ, সরকারি মডেল মসজিদ এলাকা, বেপারীপাড়া মসজিদ,
স্টেডিয়াম গেট ও পুলিশ লাইনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্পিড ব্রেকার পুনঃস্থাপন এবং কার্যকর গতি
নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি মাগুরা শহরের ভেতর দিয়ে বিশ্বরোডের ভারী যান
চলাচল কমাতে দীর্ঘমেয়াদে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবিও জানান স্থানীয়রা।










