মাগুরায় পশুর হাটের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময়
- Update Time : ০৩:০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 12
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জেলায় পশুর হাট ব্যবস্থাপনা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। সভায় জেলার বিভিন্ন পশু হাটের ইজারাদার এবং ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত হয়ে সুষ্ঠু হাট ব্যবস্থাপনার স্বার্থে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবেশ তৈরি এবং বিপুল অঙ্কের আর্থিক লেনদেনে জাল নোটের বিস্তার রোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন বলেন, আসন্ন পশু হাটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে স্বচ্ছ ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে তিনি ব্যাংক কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাগুরা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।









