এস আলমের প্রত্যাবর্তনের অভিযোগে মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন
- Update Time : ১১:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 19
এস আলম গ্রুপের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ৩০ থেকে ৪০ জন অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে এস আলম গ্রুপ ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি করেছে। তারা এস আলমকে “লুটেরা” ও “মাফিয়া” আখ্যা দিয়ে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, নতুন সরকার গঠনের পর এস আলম গ্রুপকে পুনরায় সক্রিয় করার চেষ্টা চলছে। একই সঙ্গে সারাদেশে ইসলামী ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। অবিলম্বে এস আলম গ্রুপকে খেলাপি ঋণ পরিশোধে বাধ্য করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানান বক্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক মাগুরা জেলা শাখার প্রিন্সিপাল অফিসার মো. ওসমান গনি। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মাগুরা শাখার ম্যানেজার মো. জামিনুর রহমান এবং ইসলামী ব্যাংক গ্রাহক সেবা মাগুরার সভাপতি অধ্যক্ষ সাঈদ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।









