মাগুরায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ চোরাই মোটর সাইকেল
- Update Time : ০৫:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / 15
মাগুরায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ৬টি চোরাই মোটরসাইকেল। একই সঙ্গে গত দুই মাসে মাদক, অস্ত্র উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে জেলা পুলিশের উল্লেখযোগ্য সাফল্যের তথ্য তুলে ধরা হয়েছে এক সংবাদ সম্মেলনে।
রবিবার (৩১ মে) বিকাল ৩ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান পুলিশ কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবা-এর নেতৃত্বে মাগুরা সদর থানা ও সিসিআইসি এর একটি বিশেষ দল পৌর এলাকার মীরপাড়ায় অভিযান চালিয়ে মোটরসাইকেল মেকানিক মো. পলাশ (৩৬)-কে গ্রেফতার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার লক্ষীকান্দর গ্রামের একটি মুরগির ফার্মের টিনশেড ঘর থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চক্রটি বিভিন্ন ধাপে বিভক্ত হয়ে মোটরসাইকেল চুরি, লক পরিবর্তন এবং ভুয়া ক্রেতার মাধ্যমে বিক্রির কাজ করত। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস কনফারেন্সে ২৫ মার্চ থেকে ২৯ মে ২০২৬ পর্যন্ত সময়ের বিভিন্ন সাফল্যের চিত্রও তুলে ধরা হয়। এ সময়ে সিসিআইসির মাধ্যমে ৮৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেখানে গত বছরের একই সময়ে উদ্ধার হয়েছিল ৩৭টি। এছাড়া মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতারসহ মোট ৭টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ট্রাফিক বিভাগ চলতি সময়ে ৪২৪টি প্রসিকিউশন দাখিল করে ১৬ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ছয় গুণ বেশি।
মাদকবিরোধী অভিযানে ৮৪টি মামলায় ১০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ হাজার ৭২৩ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। একই সঙ্গে বিভিন্ন অভিযানে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
এছাড়া একটি আলোচিত ডাকাতি মামলার শতভাগ রহস্য উদঘাটন করে ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় লুণ্ঠিত ৪৮ দশমিক ৫ ব্যারেল সুপার পাম তেল এবং ৩ লাখ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৫ সালে অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের জন্য বার্ষিক পুলিশ সপ্তাহ-২০২৬-এ ‘গ’ ক্যাটাগরিতে দেশের ৬৪ জেলার মধ্যে মাগুরা জেলা পুলিশ দ্বিতীয় স্থান অর্জন করেছে। ওই সময়ে ২৮টি অস্ত্র মামলায় ৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
জেলার সামাজিক দাঙ্গা-হাঙ্গামা নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ফলে চলতি সময়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানানো হয়।
প্রেস কনফারেন্সে পুলিশ সুপার বলেন, মাগুরাবাসীর জানমাল রক্ষা ও আইনগত সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা আন্তরিক। অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ মাগুরা গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।









