কারাগারে স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে ধরা: স্বামীর ৪ মাসের কারাদণ্ড
- Update Time : ১০:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 10
জেলা কারাগারে মাদক মামলায় বন্দি স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে ধরা পড়েছেন এক দর্শনার্থী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১১টার দিকে জেলা কারাগারের মূল ফটকে এই ঘটনা ঘটে।
দণ্ডিত দর্শনার্থীর নাম মো. দবির মোল্লা। তিনি মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের মোতালেব মোল্লার ছেলে। কারাকর্তৃপক্ষ জানায়, দবির মোল্লার স্ত্রী তন্বী খাতুনও একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৯ জুন থেকে এই কারাগারে বন্দি রয়েছেন। আজ সকালে স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য দবির মোল্লা কারাগারের আরপি গেটে আসেন। এ সময় সেখানে দায়িত্বে থাকা কারারক্ষী মো. রফিকুল ইসলাম তার দেহ তল্লাশি করলে জিন্স প্যান্টের বাম পকেটে সুকৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে জানানো হলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা কারাফটকে উপস্থিত হন। সেখানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপরাধ স্বীকার করায় দবির মোল্লাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার জানান, কারাগারকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে তারা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছেন। কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দর্শনার্থীদের কঠোর তল্লাশি করা হয় এবং মাদক প্রবেশের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ভবিষ্যতেও এমন কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।









