মাগুরায় নবগঙ্গা নদীতে মোবাইল কোর্ট: ১২০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট
- Update Time : ১২:২৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / 7
ডেস্ক রিপোর্ট: মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার নবগঙ্গা নদীতে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে নদী থেকে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ও অত্যন্ত ক্ষতিকর আনুমানিক ১ হাজার ২০০ মিটারেরও অধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট করা হয়।
১১ জুন, ২০২৬ বৃহস্পতিবার জেলার সদর উপজেলার আলোকদিয়া ব্রিজ সংলগ্ন নবগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুন্নাহার।
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার বলেন, “দেশীয় মৎস্য সম্পদ রক্ষা এবং মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে সরকার মৎস্য আইন বাস্তবায়নে অত্যন্ত কঠোর। চায়না দুয়ারি জালের মতো নিষিদ্ধ ফাঁদ ব্যবহারের ফলে আমাদের নদ-নদীর ছোট-বড় সব ধরণের মাছ বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে। মৎস্য সম্পদ ধ্বংসকারী এই অবৈধ জালের ব্যবহার বন্ধে এবং সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই অভিযান।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও মাগুরার মৎস্য সম্পদ রক্ষায় এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরণের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য সম্পদ উন্নয়নের অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়। নদী থেকে উদ্ধারকৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জালগুলো পরবর্তীতে প্রকাশ্য স্থানে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মাগুরা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের যৌথ বাস্তবায়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে মৎস্য বিভাগের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।









