মাগুরা প্রতিনিধি: মাগুরা, ২৮ ফেব্রুয়ারি (বাংলাদেশ প্রেক্ষাপট): সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা, দুর্নীতি বা কাজে গাফিলতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সরকারি দপ্তরে সবাই স্বাধীনভাবে কাজ করবেন, তবে দায়িত্বে অবহেলা বা ফাঁকি প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে।
শনিবার সকাল ১১টায় মাগুরার শালিখা উপজেলা হলরুমে সকল সরকারি কর্মকর্তার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের মানুষের প্রত্যাশা একটি গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। তিনি অভিযোগ করেন, অতীতে দীর্ঘ সময় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং অনিয়মের মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, সরকার একটি দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছ বিচারব্যবস্থা ও উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। সমাজ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য তিনি সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে শিল্পকলা একাডেমি নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে শিল্পীরা সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার সুযোগ পাবেন।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়নাধীন খাল খনন প্রকল্পের আওতায় উপজেলার দিঘলকান্দি গ্রামে খননকাজের স্থান পরিদর্শন করেন।







