সিলেট, ২৮ ফেব্রুয়ারি ২০২৬: ব্যক্তিখাতে কর বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন উঠলে বাণিজ্যমন্ত্রী বলেন, বিষয়টি গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে ট্যাক্স-জিডিপি অনুপাত এখনও তুলনামূলকভাবে কম, যেখানে প্রতিবেশী দেশগুলোতে এই হার বেশি। ফলে সরকারের রাজস্ব আয়ের বড় অংশ নিয়মিত ব্যয় মেটাতেই ব্যবহৃত হয় এবং উন্নয়ন খাতে কাঙ্ক্ষিত ব্যয় করা কঠিন হয়ে পড়ে। তাই অর্থমন্ত্রী মূলত কর-জিডিপি অনুপাত বাড়ানোর কথা বলেছেন, ব্যক্তিগত কর বাড়ানোর নয়।
সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। রমজানের শুরুতে লেবুসহ কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লেও এখন তা স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে।
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের কাছে মুক্তবাণিজ্য চুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরনের চুক্তি করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, আসন্ন ঈদের আগেই দেশের সব শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও মজুরি পরিশোধ নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভা শেষে তিন মন্ত্রী সুরমা ও চেঙ্গেরখাল নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে যান।






