নিজস্ব প্রতিবেদক ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচিত মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে মির্জা আব্বাসের সঙ্গে দেখা হয়েছিল নাসীরুদ্দীন পাটওয়ারীর। এ সময় মুখোমুখি হলে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়। সেখানে মির্জা আব্বাস পাটওয়ারীকে বলেন, “দুষ্টুমি করবা না।” বিষয়টি নিজ ফেসবুক পোস্টে জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র-এ বাংলাদেশ জামায়াতে ইসলামি আয়োজিত ইফতার মাহফিলে এ সাক্ষাৎ হয়। পাটওয়ারী তার পোস্টে উল্লেখ করেন, বিদায়ের সময় আব্বাস আবারও একই কথা বললে তিনি জবাবে বলেন, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।”
পোস্টে তিনি আরও জানান, অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলাপ হয়েছে। তিনি দাবি করেন, জামায়াতের আমির শফিকুর রহমান-এর কাছে দোয়া চাইলে তিনি বলেন, “তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইল।”
এছাড়া পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে কথোপকথনে তিনি ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গ তুললে প্রধানমন্ত্রী জানান, কর্মসূচিটি শুরু হয়েছে এবং শিগগিরই সারা দেশে চালু হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান তাকে বাসায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টে আরও বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে কথা হলে তিনি বলেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।”
তবে ফেসবুক পোস্টে বর্ণিত এসব কথোপকথনের সত্যতা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।







