অদৃশ্য শত্রুই মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে: মাওলানা সাইফুল ইসলাম
- Update Time : ০৫:১১:০২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 19
রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাইফুল ইসলাম বলেছেন, মানুষের শত্রু দুই ধরনের—দৃশ্যমান ও অদৃশ্য। দৃশ্যমান শত্রু থেকে বাঁচতে মানুষ সচেতন থাকলেও অদৃশ্য শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি থাকে খুবই সীমিত। অথচ এই অদৃশ্য শত্রুই মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির আইকনিক টাওয়ারে ‘সুকুনলাইফ ইসলামিক সেন্টার’-এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ মাহদি, ডা. শামসুল আরেফীন শক্তি, রাফিউজ্জামান এবং শায়খ আব্দুল্লাহ আল মাসউদসহ দেশের বিশিষ্ট আলেম, গবেষক ও বিশেষজ্ঞরা।
আধ্যাত্মিক ও মানসিক সুস্থতার সমন্বিত সেবা নিয়ে গড়ে ওঠা এই ইসলামিক কাউন্সেলিং প্ল্যাটফর্ম উদ্বোধনের প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলেছে।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দর্শনার্থীদের জন্য ছিল বিনামূল্যে পরামর্শসেবা, প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা এবং বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ।
মাওলানা সাইফুল ইসলাম আরও বলেন, অন্তরের রোগ, মানসিক চাপ ও আত্মিক দুর্বলতা থেকে মুক্তির জন্য সঠিক দিকনির্দেশনা জরুরি। এ ক্ষেত্রে ‘সুকুনলাইফ’ মানুষের পাশে দাঁড়িয়ে সময়োপযোগী ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বর্তমান যুগে রুকইয়াহ, তারবিয়াহ ও তাজকিয়ার প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আধুনিক জীবনের মানসিক, পারিবারিক ও আধ্যাত্মিক সংকট মোকাবেলায় ইসলামী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন।
সুকুনলাইফ ইসলামিক সেন্টারের সেবার মধ্যে রয়েছে শরিয়াহসম্মত ইসলামিক কাউন্সেলিং, রুকইয়াহ (আধ্যাত্মিক চিকিৎসা), হিজামা (কাপিং থেরাপি) এবং পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার ইসলামিক দিকনির্দেশনা।
প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা তাকি ইবনে ইসহাক বলেন, মানুষের জীবনে প্রশান্তি, মানসিক স্থিরতা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ।













