অনার্স ১ম বর্ষের মূল্যায়িত উত্তরপত্র বিক্রির অনুমতি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স ১ম বর্ষের মূল্যায়িত উত্তরপত্র বিক্রয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি
- Update Time : ০৬:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 24
ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্রসমূহ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী বিক্রয়ের অনুমতি দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষকগণ তাদের নিকট সংরক্ষিত এসব উত্তরপত্র নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিক্রয় করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান পরীক্ষকরা মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠার ওএমআর অংশ বিচ্ছিন্ন করে কেবল অবশিষ্ট অংশ বিক্রয় করতে পারবেন। কোনো অবস্থাতেই ওএমআর অংশ বিক্রি করা যাবে না।
সম্ভাব্য জটিলতা এড়াতে প্রধান পরীক্ষকের সরাসরি তদারকিতে ওএমআর অংশ বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, উত্তরপত্র বিক্রয় থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ প্রধান পরীক্ষকরা গ্রহণ করবেন। তবে প্রাপ্ত এই অর্থ সংশ্লিষ্ট পরীক্ষকের প্রাপ্য বিল থেকে সমন্বয় করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) ছাড়া অন্য কোনো সূত্র থেকে পাওয়া তথ্য অনুসরণ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।










