কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আন্তরিক: এমপি আবুল কালাম আজাদ
- Update Time : ০৫:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 19
খুলনার পাইকগাছায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে সরকারি খাদ্যশস্য (ধান) সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার হিসেবে সার, বীজ, সেচসহ বিভিন্ন খাতে ভর্তুকি ও সহায়তা প্রদান করছে।
তিনি আরও বলেন, কোনো অসাধু সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সরকারি গুদামে ধান বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের দালাল বা অনিয়ম বরদাশত করা হবে না। প্রকৃত কৃষকরাই যেন এ সুবিধা পান, তা নিশ্চিত করা হবে। কৃষকের স্বার্থ রক্ষায় সরকার সবসময় পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
সভায় জানানো হয়, চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা এবং প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান জানান, চলতি মৌসুমে পাইকগাছা উপজেলায় মোট ৬২৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।










