গণঅধিকারসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান | বরিশাল রাজনীতি
গণঅধিকারসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান
- Update Time : ০৫:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 18
বরিশাল, ২ মে ২০২৬: গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। শনিবার দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা।
তিনি জানান, বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির সদস্য ফরম পূরণ করে দলে যোগ দিয়েছেন। এর মধ্যে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র সংগঠনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— গণঅধিকার পরিষদের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুম হাওলাদার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম রিয়াদ, কেদারপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান। এছাড়া উজিরপুর, গৌরনদী, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলার আরও বহু নেতাকর্মী এ সময় এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য সচিব আবু সাঈদ খান ফেরদৌস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি, জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক নাফিসা মুসতারি, সাংগঠনিক সম্পাদক আসিফ আলী ও ইমরান হোসেন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সদস্য সচিব হারুনুর রশিদ সোহাগ, মহানগর সংগঠক মোহন হোসেন, নাদিম মাহমুদ ও সবুজ হাওলাদার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের এনসিপিতে যোগদান বরিশালের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।










