টিকটক প্রেম থেকে বিয়ে, সাত মাসেই মাগুরায় কিশোরীর আত্মহত্যা
- Update Time : ০৬:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 22
ডেস্ক রিপোর্ট:
মাগুরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজনান্দুয়ালী গ্রামে লাবণ্য (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ
উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০১ মে ২০২৬) সন্ধ্যায় এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ স্বামীর ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায়
লাবণ্যকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাবণ্য খুলনার ফুলতলা এলাকার সুমনের মেয়ে। প্রায় সাত মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের
মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামের পাভেল (১৭)-এর সঙ্গে তার প্রেমের
সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সে বাড়ি থেকে চলে এসে পাভেলকে বিয়ে করে। পরবর্তীতে উভয় পরিবার বিষয়টি
মেনে নেয় এবং তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।
জানা গেছে, কয়েকদিন আগে লাবণ্য তার মাকে ফোন করে জানায় যে সে গর্ভবতী। এ বিষয়টি নিয়ে মা-মেয়ের মধ্যে
কথা কাটাকাটি হয়। এর পরিপ্রেক্ষিতে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি
আত্মহত্যার ঘটনা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের
মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।










