টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল
- Update Time : ০৫:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 17
ঢাকা, ৩ মে ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। শনিবার সকালে স্কোয়াডের প্রথম বহর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল শেষে টেস্ট দলের বাকি সদস্যরা ঢাকায় যোগ দেবেন। সেই তালিকায় রয়েছেন বাবর আজমও।
বাংলাদেশ সফরের জন্য চার নতুন মুখ নিয়ে দল সাজিয়েছে পাকিস্তান। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। নতুন টেস্ট কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। বাংলাদেশ সিরিজ দিয়েই কোচ হিসেবে তার যাত্রা শুরু হবে।
আগামী ৮ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ। এখন পর্যন্ত দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে।
বাংলাদেশ এক হার ও এক ড্রয়ে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তান এক জয় ও এক হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
পাকিস্তান টেস্ট স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।










