দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা
- Update Time : ০৫:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 14
ঢাকা, ৫ মে, ২০২৬ (বাংলাদেশ প্রেক্ষাপট): দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় উল্লেখ করা হয়, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩৬ মিলিমিটার। অন্যদিকে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা দমকা হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২১ মিনিটে।










