পাইকগাছায় ওয়াপদা বাঁধ কেটে অবৈধ লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
- Update Time : ০৫:২৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 21
খুলনার পাইকগাছায় ২৩ নম্বর পোল্ডারের ওয়াপদা বাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৫টায় উপজেলার লস্কর ইউনিয়নের চৌকিদার মোড়ে ভূমিহীন সংগঠন ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ মাহবুব জোয়ার্দার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আবুল হাসান। এসময় বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি চিকিৎসক নারায়ণ চন্দ্র মণ্ডল, নিজেদের করি সংস্থার বিভাগীয় প্রশিক্ষক নাসিমা খাতুন, সংগঠনের কর্মী রাশেদুজ্জামান ফরিদ, মুন্নী সমাদ্দার, লিপন সরকার, নারী নেত্রী রোকেয়া বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে ওয়াপদা বাঁধ কেটে লবণ পানি উত্তোলন করছে। এর ফলে এলাকার পরিবেশ, কৃষিজমি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা বলেন, লবণ পানির প্রভাবে ফসলি জমির উৎপাদন কমে যাচ্ছে এবং সুপেয় পানির সংকটও দিন দিন তীব্র আকার ধারণ করছে।
বক্তারা আরও বলেন, অবৈধভাবে বাঁধ কেটে লবণ পানি প্রবেশ করানোর কারণে দীর্ঘমেয়াদে উপকূলীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিবেশ ও কৃষি রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার স্বার্থে অবৈধ লবণ পানি উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানান তারা।










