মাগুরায় উদ্ধার হওয়া ৩৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
- Update Time : ১০:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 20
তথ্যপ্রযুক্তির সফল ব্যবহারের মাধ্যমে উদ্ধারকৃত ৩৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
গতকাল ২০ মে (বুধবার) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে বিভিন্ন সময় সাধারণ মানুষের হারিয়ে যাওয়া এবং এ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) হওয়া মোবাইল ফোনগুলো উদ্ধারে কাজ শুরু করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিখুঁত ট্র্যাকিং ও অনুসন্ধানের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হন সাইবার ইউনিটের সদস্যরা।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব শাহ্ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার জনাব নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে দীর্ঘ দিন পর নিজেদের শখের ও মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে উপস্থিত অনেকেই আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। ফোন ফিরে পেয়ে সাধারণ মানুষ জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
উদ্ধার অভিযানের বিষয়ে পুলিশ প্রশাসন জানায়, সাইবার ক্রাইম ইউনিট কেবল মোবাইল ফোন উদ্ধারই নয়, বরং ফেসবুক সংক্রান্ত বিভিন্ন অভিযোগের আইনি ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়াড়িদের দমন এবং ক্লুলেস হত্যা, ডাকাতি ও চুরির মতো চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনসহ আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জনগণের জানমালের নিরাপত্তা ও সাইবার অপরাধ দমনে মাগুরা জেলা পুলিশ সর্বদা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে কর্মকর্তারা জানান, জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও পুলিশের এই ধরনের মানবিক ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।










