মাগুরায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: লিপ্টনসহ আটক ২, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে পুলিশ—পুলিশ সুপার
- Update Time : ০৬:৪২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 24
ডেস্ক রিপোর্ট:
মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচালিত পৃথক দুটি বিশেষ অভিযানে বিএনপি নেতা মোঃ মতিয়ার রহমান ও
শ্রীপুরের দাঙ্গার প্রধান অভিযুক্ত লিপ্টনকে আটক করা হয়েছে। রবিবার (৩ মে) জেলার ভিন্ন ভিন্ন স্থানে
অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত মতিয়ার রহমান মাগুরা সদর উপজেলার ৫নং হাজরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
অপরদিকে লিপ্টন (৩৮) শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের চাঁদ আলীর ছেলে এবং সাম্প্রতিক সহিংসতার
অন্যতম প্রধান অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ৩টার দিকে হাজরাপুর ইউনিয়ন এলাকা থেকে বিশেষ অভিযানে মতিয়ার রহমানকে
আটক করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার আমতৈল গ্রাম থেকে লিপ্টনকে গ্রেপ্তার
করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতৈল গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রফিকুল ইসলাম গ্রুপ ও
লিপ্টন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ১ মে রাতে লিপ্টন গ্রুপের সদস্যরা
প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-
পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৭-৮ জন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা জানান, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আটককৃতদের
বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, লিপ্টন আটকের পর এলাকায় নতুন করে সহিংসতা ছড়ানোর আশঙ্কা থাকলেও পরিস্থিতি
নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা
হয়েছে।
বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে
পুলিশ তৎপর রয়েছে।










