মাগুরায় পূর্ব শত্রুতার জেরে ইজিবাইক চালককে হাতুড়িপেটায় আহত
- Update Time : ০৭:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 30
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোপডাঙ্গা বাজারে পূর্ব শত্রুতার জেরে এক ইজিবাইক চালককে হাতুড়িপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) রাত আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাজ্জাদ (২৫) চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুন্ডি (ঘোপডাঙ্গা) গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য মিজানুর শিকদারের ছেলে। তিনি বর্তমানে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের মৃত সৈয়দ বেলায়েত আলীর ছেলে মিটুলের নেতৃত্বে কয়েকজন যুবক সাজ্জাদের ওপর হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে তানজিল (২৩), নঈম শিকদারের ছেলে; আভান (২৩), আবু তালেব মোল্লার ছেলে; এবং তুফান (২১), বাবলু মোল্লার ছেলে রয়েছেন। তারা সবাই মিলে হাতুড়ি দিয়ে আঘাত করে সাজ্জাদকে গুরুতর জখম করে বলে অভিযোগ।
ঘটনার পেছনে পূর্বের বিরোধের সূত্র রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে একই এলাকার মমিন মোল্লার ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫), যিনি চাউলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, নাশকতা মামলায় গ্রেপ্তার হন। তাকে ধরিয়ে দেওয়ার অভিযোগে তার অনুসারীরা সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এরপর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এই ঘটনারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে সাজ্জাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত মিটুলের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।










