মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে বেকারিকে জরিমানা
- Update Time : ০৫:২২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 22
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেছেন, জনস্বার্থে বাজার তদারকি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ১১ মে ২০২৬ সোমবার মহম্মদপুর উপজেলার পূর্ব নারায়নপুর এলাকায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, অননুমোদিত রং ও ক্ষতিকর উপাদান ব্যবহার, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মোরব্বা সংরক্ষণ এবং বিএসটিআই লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য বাজারজাত করার অপরাধে মেসার্স মুগ্ধ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেকারিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পণ্যের মোড়কীকরণ বিধি মেনে চলার জন্যও সতর্ক করা হয়।
সজল আহম্মেদ আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম। তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।










