মাগুরা মহম্মদপুরে রহস্যঘেরা ডাকাতি, অসুস্থ ৪
- Update Time : ০৮:০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 18
মাগুরার মহম্মদপুর উপজেলায় গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে জানালা ভেঙে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। একই সঙ্গে টিউবওয়েলের পানি পান করার পর পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে পড়ায় ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উদ্বেগ।
মঙ্গলবার (৪ মে ২০২৬) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার জেলখানা পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, মহম্মদপুর বাজারের মোল্লা পেপার হাউজের স্বত্বাধিকারী মোঃ নাজমুল মোল্লার বাড়িতে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত জানালা ভেঙে ঘরে প্রবেশ করে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার আগে টিউবওয়েলের পানি পান করার পর পরিবারের চারজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ প্রায় ১ লাখ টাকা লুট করে নেয় এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানিয়েছেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। পাশাপাশি পরিবারের সদস্যদের অসুস্থ হওয়ার ঘটনাটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।










