হামের ভ্যাকসিনেশন ৮১ শতাংশ, রোগ নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী
- Update Time : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 16
ঢাকা (বাংলাদেশ প্রেক্ষাপট): দেশে এখন পর্যন্ত হামের ভ্যাকসিন ৮১ শতাংশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই ভ্যাকসিনেশনের ফলে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং হাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
রোববার জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত ৮১ শতাংশ হামের ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে। দু-চার দিনের মধ্যে শতভাগ ভ্যাকসিনেশন সম্পন্ন হবে। হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে।”
তিনি জানান, সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বিভিন্ন সমস্যার বিষয় জেলা প্রশাসকরা তুলে ধরেছেন। এসব সমস্যা সমাধানে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সার্ভিস সচল রাখা এবং হাসপাতালগুলোতে দালালচক্রের দৌরাত্ম্য কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান জোরদার করার কথাও বলা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় এ বিষয়ে জেলা প্রশাসকদের সক্রিয় থাকতে বলা হয়েছে।
তিনি আরও জানান, সারাদেশে অ্যান্টিভেনম ও জলাতঙ্কের টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।










